উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চোর সন্দেহে জিহাদ নামে আট বছরের এক শিশুকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার জানিয়েছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর আহত শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি মাছাঃ বকুলি বেগম জানান, জিহাদের বাবা-মা না থাকায় গত ছয় বছর ধরে তাঁরা তাকে লালন-পালন করছেন। জিহাদ স্থানীয় গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রোববার সন্ধ্যার পর গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন শিশুটিকে ডেকে নিয়ে যান। এরপর কোনো যাচাই-বাছাই ছাড়াই চোর সন্দেহে তাকে বেঁধে মারধর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
শিশুটির নানা মফিজুল ইসলাম বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে সন্দেহের বশে শিশুকে মারধর করা গুরুতর অন্যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, বিষয়টি তাঁরা শুনেছেন এবং তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তবে শিশুটিকে মারধরের এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফেজ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।