উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন সংরক্ষণ, পরিবেশগত অধিকার রক্ষা এবং বন রক্ষায় করণীয় নির্ধারণে স্থানীয়দের অংশগ্রহণে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ অক্টোবর উপজেলার পীরগাছা থাংয়ানিয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার আয়োজনে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় বন সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, পরিবেশগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বন রক্ষায় আইনি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের প্রতিনিধিরা শালবন সংরক্ষণে তাঁদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য করণীয় দিক তুলে ধরেন।
আদিবাসী কালচারাল ফোরামের সভাপতি অজয় এ মৃ এতে সভাপতিত্ব করেন এবং সভা সঞ্চালনা করেন বেলার বিভাগীয় প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল কুবি। সভায় বক্তারা শালবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।