উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি, কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এসব শিল্পাঞ্চল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান এবং চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম তাদের বেপজার কার্যক্রম, বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান, অবকাঠামোগত সুবিধা, শ্রমিক কল্যাণ ও পরিবেশবান্ধব শিল্পায়ন সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম এবং পরিচালক-১ ফাহমিদ ফারহান তাদের সঙ্গে ছিলেন।
এ সময় অতিথিরা চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স লিমিটেড ও তালিসমান পারফরমেন্স লিমিটেড এবং কর্ণফুলী ইপিজেডের কেনপার্ক অ্যাপারেলস (হিরদারামানি বাংলাদেশ) ও পার্ক বিডি শিল্পকারখানা পরিদর্শন করেন। তারা কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম, আধুনিক উৎপাদনব্যবস্থা, কর্মপরিবেশ এবং শ্রমিকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বেপজার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিকল্পিত শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন তাঁরা।