উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দায়িত্ববোধ তৈরি এবং ডেঙ্গু প্রতিরোধে জাপানের ‘ওসোজি’ মডেল অনুসরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ‘ক্লিন স্কুল টিম’-এর মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকার ২১টি বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
এ কর্মসূচির আওতায় প্রতিদিন স্কুলে ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু ঝুঁকি রয়েছে কি না, সাপ্তাহিক পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং বাসায় পরিচ্ছন্নতার চর্চা চালুর পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য শুধু বিদ্যালয় পরিষ্কার রাখা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পরিবেশসচেতনতার স্থায়ী অভ্যাস গড়ে তোলা। বিদ্যালয় থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি জানান, বিদ্যালয়ের নিয়মিত রুটিন অনুযায়ী প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে শ্রেণিকক্ষ, করিডর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া ‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট দেওয়া হবে।