উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বুধবার এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানানো হয় এবং পুরো স্প্যানিশ ফুটবল পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকাহত বলে উল্লেখ করা হয়।
ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত রয়েছে। বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজ বিকেল ও সন্ধ্যার ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং শুরুর সময় সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফেডারেশন। উল্লেখ্য, মাদ্রিদের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন এবং ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।