উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রৌহা ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার ২৩ অক্টোবর দৌলতপুর উপজেলার খলসী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী শায়লা কবির। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল স্লোগানকে সামনে রেখে এ টুর্নামেন্ট আয়োজিত হয়।
ফাইনালে খলসী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। খলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. শরীফ খান ও মো. শহিদুল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মাদক থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে এমন আয়োজন নিয়মিত করা প্রয়োজন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলাটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।