উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বতন্ত্র প্রিন্ট, বৈশিষ্ট্যপূর্ণ ডিজাইন ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে বৈচিত্র্যময় পোশাকের কালেকশন তৈরি করে সমসাময়িক আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। আন্তর্জাতিক রিটেইল নেটওয়ার্ক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ডটি বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে তার সৃজনশীল ফ্যাশন পরিচিতি তুলে ধরছে। ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এই ব্র্যান্ডটি।
রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২, শপ ডি২-তে ৭,৬৯৬ বর্গফুট আয়তনের ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হলো। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি বাংলাদেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে এথনিক’র কালেকশন পাওয়া যাবে তাদের অনলাইন শপিং প্ল্যাটফর্ম bd.ethnc.com-এ। বাংলাদেশে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর এথনিক’র আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সংযোজন হলো বাংলাদেশ। রেনেসাঁ ডেকোর লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে অন্তত আরো তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে দেশের আরো বিভিন্ন শহরের ক্রেতাদের কাছে ব্র্যান্ডটির কালেকশন পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
এথনিক’র চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতিকে আমরা মূল্যায়ন করি। ঢাকায় স্টোর চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সাথে আরো ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।