উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনে এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের দ্রুত প্রসারের ফলে রোবট প্রশিক্ষণ ও ডিজিটাল পরিবেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। গত সেপ্টেম্বরে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি বিভাগ এমবডিড এআই রোবট অ্যাপ্লিকেশন টেকনিশিয়ান এবং ডিজিটাল টুইন প্রকৌশলীসহ মোট ১১টি নতুন পেশার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর ফলে বিভিন্ন শিক্ষাগত পটভূমির মানুষের কাজের পরিধি বিস্তৃত হচ্ছে।
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার লিয়াংজিয়াং নিউ এরিয়ায় অবস্থিত সেভেন্স রোবোটিকসে অ্যাপ্লিকেশন টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন ট্যাং জিশিয়াং। কম্পিউটারবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করা ট্যাং রিইনফোর্সমেন্ট ও ইমিটেশন লার্নিং পদ্ধতি কাজে লাগিয়ে রোবটকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেন। প্রতিষ্ঠানটি মূলত তেল, রাসায়নিক ও বিদ্যুৎ খাতের জন্য বিশেষায়িত রোবট তৈরি করে, যা ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষের বিকল্প বা সহায়ক হিসেবে কাজ করতে সক্ষম।
ট্যাং বলেন, পরীক্ষাগারে থাকা রোবটকে বাস্তব জগতে দীর্ঘ সময় নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে ব্যবহারের উপযোগী করে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, রোবট মানুষের কাজ কেড়ে নেওয়ার পরিবর্তে পরিপূরক হিসেবে ভূমিকা রাখবে এবং ঝুঁকিপূর্ণ, ক্লান্তিকর ও পুনরাবৃত্তিমূলক কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে।
বাস্তব প্রয়োগের আগে ভার্চুয়াল অনুশীলনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জিয়াং লেইয়ের মতো ডিজিটাল টুইন প্রকৌশলীরা। ত্রিমাত্রিক পুনর্গঠন প্রযুক্তি ব্যবহার করে কারখানার ডিজিটাল প্রতিরূপ তৈরি করার ফলে রোবটগুলো ভার্চুয়াল পরিবেশেই কাজের পথ ও সেন্সর নিখুঁতভাবে পরখ করতে পারে। জিয়াং জানান, এই প্রযুক্তির কল্যাণে প্রকল্পস্থলে রোবট স্থাপন ও চালুর প্রস্তুতিমূলক সময় দুই থেকে তিন সপ্তাহ থেকে কমে মাত্র দুই থেকে তিন দিনে নেমে এসেছে।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে দেশটিতে হিউম্যানয়েড রোবটের মডেল সংখ্যা ৪০০ এবং উৎপাদন ৪০ হাজার ছাড়িয়েছে। দ্রুত বর্ধনশীল এ খাতের দক্ষ জনশক্তি নিশ্চিত করতে বেইজিং সিটি ইউনিভার্সিটি চলতি মাসের শুরুতে পাঁচ দিনের নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে, যেখানে বাস্তব রোবট নিয়ে হাতে-কলমে কাজের সুযোগ রয়েছে।