উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নামাজ আদায়ের জন্য নবনির্মিত মসজিদ ও সেবা গ্রহীতাদের অবকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানটি আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়ান এবং শিবপুর উপজেলার অ্যাসিস্টেন্ট সাব-ইঞ্জিনিয়ার আব্দুল বাছেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক স্বপন চন্দ্র সরদার। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নাজমুল কবিরসহ বিভিন্ন ইউপি সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদে গাছের চারা রোপণ করেন এবং স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করেন। এ ছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার নতুন বই বিতরণ করা হয়। শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে শুকনা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।