উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভবিষ্যতে আর কেউ যাতে গুমের শিকার না হয়, সে ব্যবস্থা করার দাবি এসেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে। আজ বুধবার আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মতবিনিময়ে একটি অভিন্ন বক্তব্য এসেছে যে দেশে যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়। গুমসংক্রান্ত যেসব মামলা হয়েছে, সেগুলোর যেন দ্রুত ও সুষ্ঠু বিচার হয়। যারা গুমের শিকার হয়ে এখনো ফিরে আসেনি, তাদের পরিবারের জন্য সহায়-সম্পত্তির ব্যবস্থা করার আবেদনও করা হয়েছে। সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে এবং সেখানে এই ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চান বাংলাদেশে আর কখনো গুমের অপসংস্কৃতি ফিরে না আসুক এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক। এ রকম একটি বাংলাদেশের প্রত্যাশায় ছাত্র-জনতা রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার তাদের আবেদন যথাযথভাবে প্রতিপালন করবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতে হবেই উল্লেখ করে তিনি জানান, কোন প্রক্রিয়ায় এটি গঠন করা হবে এবং এর রূপরেখা কী হবে, তা কমিটি পরীক্ষা করবে।
পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি হয়তো অসতর্কভাবে সেই শব্দচয়ন করেছেন। বিএনপি সরকারের আট মাসের মধ্যে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করে তিনি জানান, এ বিষয়ে মানবাধিকার সংস্থাসহ সবাইকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।