উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ভোট চুরির অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে কিংমেকার হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ ওঠে। ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল রাআম এবং জয়েন্ট লিস্ট রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ। আরব দলগুলোর এই উত্থানের অর্থ হলো, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে উভয় পক্ষই অনেক দূরে থাকবে।
বুধবার এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, ইসরায়েলের নির্বাচন সেই আরব দলগুলো চুরি করেছে, যারা সন্ত্রাসবাদ এবং ইহুদি রাষ্ট্র ধ্বংসকে সমর্থন করে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আরব দলগুলো ভোটারদের জড়ো করতে ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে এসবের শত শত প্রমাণ জমা দেওয়ার কথাও জানিয়েছে তারা।
বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশেরও বেশি ভোট গণনা শেষ হয়েছে এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী জয়েন্ট লিস্ট ১২টি এবং রাম ৭টি আসন পেয়েছে। নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকট ও তার মিত্ররা ৪৮টি আসন পেতে যাচ্ছে। এই রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে ইহুদি-আরব জোট গঠনের বিরল আহ্বান জানিয়েছে বিরোধী বামপন্থি দল ডেমোক্র্যাটস।