উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। এ সময় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ ও সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে একটি বিশেষ দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।