উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় নগরকান্দা সদর বড় ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালের নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজ শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে হবে।
বক্তারা আরও বলেন, নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সব ধরনের প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তাঁরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির হাতকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।