উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। বুধবার বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। সেদিন ইসলামী আন্দোলনের নেতাদের হত্যা করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সুফল আমরা এখনো পাইনি এবং এই সরকার যদি বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা না করে, তাহলে তাদের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে।
সমাবেশে মুহাম্মদ শাহজাহান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার পূরণের কথা বলেন তিনি। সরকারকে আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানও জানান এই নেতা।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রযাত্রা রোধ করা হয়েছিল। চারদলীয় জোট সরকারের সময়ের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পরিবেশ নস্যাৎ করতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। সমাবেশে আরও বক্তব্য দেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।