উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিলিপুট আর দানবদের রোমাঞ্চকর অভিযানের কালজয়ী বই ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্ণ হচ্ছে। জোনাথন সুইফটের এই বিখ্যাত ব্যঙ্গ রচনাকে কেন্দ্র করে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা ও সংগীতের মাধ্যমে নতুন করে স্মরণ করা হচ্ছে বইটিকে।
বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গির্জায় জোনাথন সুইফট একসময় প্রধান যাজক ছিলেন এবং এখানেই তাঁকে সমাহিত করা হয়েছে। ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রকাশিত হওয়া এই বইটি প্রথম সংস্করণেই ব্যাপক জনপ্রিয়তা পায়।
বইটি প্রথমে লেখকের নাম ছাড়াই প্রকাশিত হয়েছিল এবং প্রকাশক বেঞ্জামিন মোটও শুরুতে লেখকের আসল পরিচয় জানতেন না। ডাবলিনের ট্রিনিটি কলেজের পুরোনো গ্রন্থাগারে ‘গালিভার অ্যাট ৩০০’ শীর্ষক একটি প্রদর্শনী চলছে, যা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। অনলাইনেও এটি দেখার সুযোগ রয়েছে।
প্রদর্শনীতে বইটির পুরোনো সংস্করণ ও কমিকস স্থান পেয়েছে। এর মধ্যে ১৭৬১ সালে ডাবলিনে ছাপা একটি সংক্ষিপ্ত সংস্করণ বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে। এছাড়া উত্তর আয়ারল্যান্ডের আর্মা রবিনসন গ্রন্থাগারে সুইফটের নিজের ব্যবহার করা একটি কপি সংরক্ষিত আছে, যেখানে তাঁর হাতে লেখা টিকা রয়েছে।
ট্রিনিটি কলেজের অধ্যাপক আইলিন ডগলাসের মতে, রাজনৈতিক কারসাজি নিয়ে সুইফটের ব্যঙ্গ আজও প্রাসঙ্গিক। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বইটির গুরুত্ব কমেনি। শসা থেকে সূর্যের আলো বের করার মতো অদ্ভুত গবেষণার বর্ণনা আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজের আশঙ্কার কথাই মনে করিয়ে দেয়।
এই উদ্যাপন উপলক্ষে সুরকার শন ডোহার্টি ‘দ্য ম্যান মাউন্টেন’ নামে একটি নতুন সংগীত রচনা করেছেন। এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জোনাথন সুইফট ১৬৬৭ সালে ডাবলিনে জন্ম নেন এবং ১৭৪৫ সালে ৭৭ বছর বয়সে সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।