উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
সভায় জানানো হয় যে, মধুপুর পৌর এলাকায় ২৭টি এবং ইউনিয়ন পর্যায়ে ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদান করা হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার মোট ৬০টি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলা বিএনপি ও পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন নেতাসহ সরকারি কর্মকর্তা এবং ৬০টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।