উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলাকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। শিক্ষার্থীদের প্রধান দাবি হলো মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
আন্দোলনকারীদের একজন আশিক আহমেদ জানান, জায়গাটি আগে বিশ্ববিদ্যালয়ের নামে ছিল এবং তাঁরা এখানে সচিবালয় স্থানান্তর চান না। এই মাঠ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যারা মাঠে কাজ করছে তারা যন্ত্র ও গাড়ি ফেরত নিতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হোক। যন্ত্রাংশ নিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা এদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করেন এবং শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা তাঁদের ক্লাসে ফেরার অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী জানান, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট সভা আয়োজনের অনুরোধ করার পাশাপাশি প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও বিবেচনা করছেন। ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম জানান আন্দোলনটি শিক্ষার্থীদের নিজস্ব কর্মসূচি হলেও প্রশাসন মাঠটি ফিরিয়ে আনার চেষ্টা করছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার শিক্ষার্থীরা কালো পতাকা নিয়ে তাঁদের কর্মসূচি পালন করবেন।