উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রামে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি ও অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১টার দিকে জাবরা পুটিয়াজানি মোড়ে মহাসড়কের পাশে অবস্থিত বিশ্বাস এন্টারপ্রাইজ অ্যান্ড অটো পার্টস প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানটির মালিক মো: আবুল বাশার বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় দৈনিক সরোজমিন বার্তায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং প্রতিষ্ঠানটির মালিক সেখানে বিশ্বাস মিনি পেট্রোল পাম্প নাম ব্যবহার করে তেল বিক্রি করছিলেন। অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুমেল আহমেদ জানান, অনিয়মের বিষয়টি স্পষ্ট হওয়ার পর সরকারি নীতিমালা অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং পরবর্তী সময়ে আবারও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে বিশ্বাস মিনি পেট্রোল পাম্প লেখা ব্যানার ব্যবহার করে তেল বিক্রি করা হচ্ছে এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর অভিযোগ, পাম্পটিতে তেল কেনার সময় পরিমাণে কম দেওয়ার পাশাপাশি প্রতি লিটারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের পক্ষ থেকে পাম্পের মালিক আবুল বাশার বিশ্বাসের কাছে সরকারি নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা স্বীকার করেছেন এবং পাম্প পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও কাগজপত্র নেই বলে জানান। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পাম্প পরিচালনা এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠায় স্থানীয়রা জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধান ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হচ্ছে কি না তা যাচাই করার দাবি জানিয়েছেন। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং এলাকাবাসী ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি দাবি করেছেন।