উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক একজন সত্যিকারের প্রতিভাবান ব্যক্তি। গত বুধবার মস্কোয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনের সময় তিনি স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানান।
পুতিন বলেন, রাসভেত ও স্টারলিংকের স্যাটেলাইটগুলো যাতে কক্ষপথে একে অপরের কাজে বিঘ্ন না ঘটায়, সে জন্য মাস্কের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নানা প্রশ্ন থাকা সত্ত্বেও উভয় পক্ষ এ যোগাযোগকে গুরুত্ব দিয়ে জোরালোভাবে কাজ করে যাচ্ছে।
রাশিয়ার দূতাবাস জানিয়েছে, রাসভেত হলো স্টারলিংকের রুশ বিকল্প এবং এ প্রকল্পের মাধ্যমে রাশিয়া এ খাতে প্রথম পদক্ষেপ নিয়েছে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখতে ইউক্রেনের প্রচেষ্টায় স্টারলিংকের ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও বর্তমানে তাঁর টেসলা, স্পেসএক্স ও স্টারলিংকসহ সব ব্যবসার ভিত্তি যুক্তরাষ্ট্রে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য রিপাবলিকান রাজনীতিকদের অন্যতম বড় রাজনৈতিক মিত্র ও অর্থদাতা।