উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার হাসপাতালপাড়া এলাকায় বাড়ির একটি ঘর থেকে ইয়াসিন নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে মধুপুর থানা পুলিশ ১১ বছর বয়সী এই শিশুর মরদেহটি উদ্ধার করে। নিহত ইয়াসিন ওই এলাকার বাসিন্দা ও অটোচালক মঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহার নিয়ে সৎমায়ের সঙ্গে ইয়াসিনের মনোমালিন্য হয়। একপর্যায়ে সে সবার অগোচরে পাশের একটি ঘরে চলে যায় এবং দুপুরের খাবারের সময় তাকে খোঁজাখুঁজি করে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলেও এ মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতের বাবা মঞ্জু জানান, প্রথম স্ত্রী চলে যাওয়ার পর নয় মাস আগে রূপা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। ইয়াসিনের সাথে তার দ্বিতীয় স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক ছিল বলেই দাবি করেন তিনি। তবে এলাকাবাসী এই ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ এবং তারা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউল জানান, প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে এবং সকালে মর্গে লাশ পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।