উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজন হলে আর্থিক সহায়তা দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার ২৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত দ্য স্টাডি লাউঞ্জ ও দ্য প্রেয়ার হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং কেন্দ্রীয়ভাবে সহযোগিতা না মিললে চসিক আর্থিক সহায়তা দেবে। আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ প্রতিষ্ঠান থেকেই তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন উল্লেখ করে জানান, কলেজের উন্নয়ন ও রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে তিনি দায়িত্ব মনে করেন।
হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চসিকের পক্ষ থেকে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিলসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।