উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রকল্প পাসের পর বাস্তবায়নে দীর্ঘ সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয় জানিয়ে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে সংস্থার সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন ও সিবিএর নেতারা অংশ নেন। সভায় চলমান প্রকল্পগুলো ত্বরান্বিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী জানান, দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা অঞ্চলের পাইপলাইন সংযোগের কাজ দ্রুত শেষ করতে হবে। এ ছাড়া পূর্বাচলে পানি নেটওয়ার্ক গড়ে তুলতে অবিলম্বে ডিপিপি প্রণয়নের নির্দেশ দেন তিনি।
মন্ত্রণালয়ের পর্যালোচনায় ওয়াসা বোর্ডগুলোর অযাচিত হস্তক্ষেপে কাজের গতি ব্যাহত হওয়ার তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার আইন সংশোধন করে দেশের সব ওয়াসা থেকে বোর্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, রাজধানীতে পানির দৈনিক চাহিদা ও সরবরাহ উভয়ই ৩১৪ কোটি লিটার হলেও গত সাত মাসে ওয়াসার কাজে নতুন উদ্ভাবন বা গতি দেখা যায়নি। কোনো সংকট তৈরি হলে তার দায় সরকারের ওপর বর্তায় বলে স্মরণ করিয়ে দেন তিনি।
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমিয়ে আনার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বর্তমানে সরবরাহ করা পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ উপরিভাগের পানি। ভূগর্ভস্থ পানি উত্তোলনের হার ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে সারফেস ওয়াটারভিত্তিক প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমাতে রাজস্ব আয় বাড়ানো এবং মিটার রিডিং ও বিলিংয়ে অটোমেশন চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী ২০৫০ সালের চাহিদাকে বিবেচনায় রেখে প্রতিষ্ঠানের আধুনিকায়নে নতুন অর্গানগ্রাম প্রণয়ন করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন। একই সাথে অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন করা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাগরিক সেবা ব্যাহত না করা এবং ব্রাশ বা শেভ করার সময় অযথা পানির অপচয় রোধে সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানান। আগামী দুই মাস পর তিনি পুনরায় কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে জানান।