উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ সংক্রান্ত আদেশে স্পষ্টীকরণ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার জারি করা এক আদেশে বলা হয়েছে, আগের দু’টি আদেশে উল্লেখ করা ১০-৩০ কাউন্টের কটন সুতা বলতে ১০-৩০ সিঙ্গেল কাউন্টের কটন সুতা বোঝাবে।
এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রফতানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করতে গত ৭ সেপ্টেম্বর ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়। একইসাথে ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রকৃত রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টি দাখিল করে আমদানির সুযোগ দেয়া হয় এবং পরে ৮ অক্টোবর ওই আদেশ সংশোধন করা হয়।
আদেশে আরো বলা হয়, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বাসসের খবরে জানানো হয়েছে।