উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেকৃবির শিক্ষার্থীরা সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা ‘সচিবালয় স্থানান্তর মানি না মানব না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।
অবরোধে অংশ নেওয়া ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান জানান, সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকার পরিবেশ নষ্ট হবে বলে তাঁরা ধারণা করছেন। আরেক শিক্ষার্থী আবির বলেন, তাঁদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই এবং পুরোনো এই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছেন এবং তাঁরা কথা দিয়েছেন কোনো প্রকার সহিংস আচরণ বা ভাঙচুরের মতো কাজ করবেন না।
শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে জড়ো হতে থাকেন, তখন সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম তাঁদের সঙ্গে একাত্মতা জানান। তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি যাঁরা পরিবেশের ক্ষতির বিষয়টি বুঝতে পারছেন না, তাঁদের বোঝানোর চেষ্টা করা হবে।