উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন ধরনের বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপস্থিত সকলে এই উদ্যোগকে স্বাগত জানান এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সচেতনতামূলক বার্তা দেওয়ায় মুগ্ধতা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই সবুজ হোক বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের বাড়ির আঙিনায় একটি করে বৃক্ষরোপণ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল, ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বেলায়েত হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।
শ্যাম সুন্দর মন্ডল বলেন, বৃক্ষ আমাদের চিরকালের বন্ধু এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সুশীতল অক্সিজেন ও জ্বালানিসহ বিভিন্ন উপকার পাওয়া যায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আলমগীর হোসেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আশুলিয়া ইউনিয়নকে পরিবেশগত দিক থেকে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ উপহার দিতে চাই।