উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বিএসইসি। বুধবার বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ডিএসই, সিএসই, সিডিবিএল এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহমুদ হক বিদ্যমান বিধিমালার সম্ভাব্য সংশোধন ও পরিবর্তনের ক্ষেত্রগুলো নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ করে এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে বিধিমালাটি প্রয়োজনীয় সংশোধন করা হবে। এক্ষেত্রে কোনো আবেগী বা যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়া হবে না বলে তিনি সভায় অংশীজনদের আশ্বস্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, পুঁজিবাজারকে গতিশীল ও টেকসই করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। শুধু খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে উন্নয়ন সম্ভব নয়। তিনি বিনিয়োগকারীদের আর্থিক সাক্ষরতা ও সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।