উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েলের আরব ভোটারদের নিশানা করে বেনিয়ামিন নেতানিয়াহুসহ কট্টর ইহুদি দলগুলো সমালোচনা শুরু করার পর তাঁদের পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তিনি দেশের সেন্ট্রাল ইলেকশন কমিটি এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন যে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা ইসরায়েলের ফিলিস্তিনি ভোটারদের প্রতিনিধিত্বকারী দলগুলোর বিরুদ্ধে ব্যালট জালিয়াতির অভিযোগ তোলার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই অবস্থান জানান। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে হারজগ বলেন যে আজ বৃহস্পতিবার সকালে রিপোর্ট করা সন্দেহভাজন বিষয়গুলো তদন্তের হালনাগাদ তথ্য তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও যোগ করেন যে এমন একটি মুহূর্তেও পুরো একটি সম্প্রদায়কে কলঙ্কিত করা থেকে বিরত থাকতে হবে।
মঙ্গলবারের নির্বাচনে বিরোধী জোটের মধ্যে একমাত্র আরব ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোই প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। এরপরই নেতানিয়াহু ও তাঁর জোটের অন্য সদস্যরা এসব দলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করে এবং শিন বেটের কাছে অভিযোগ জানায়। সরকারের দাবির মূল বিষয় হলো ভোট কেনা ও ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের ভোটে উৎসাহিত করতে কাতারের অর্থ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে, যার পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎস পত্রিকা জানিয়েছে যে নির্বাচনে কারচুপির কোনো লক্ষণই দেখা যায়নি এবং ভোট অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ ছিল। অনিয়মের অল্পবিস্তর যা খবর পাওয়া গেছে, সেগুলো মূলত ক্ষমতাসীন জোটের সঙ্গেই সম্পর্কিত ছিল। এদিকে নেতানিয়াহু নিজেই এক কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন, যেখানে কাতারি অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।