উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান প্রামাণিক (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মধুপুর পৌরসভার নয়াপাড়া এলাকার বাদশা প্রামাণিকের ছেলে এবং তিনি পৌর ছাত্রদলের সদস্য ছিলেন।
শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মধুপুরে ফিরছিলেন মিজান। পথে ইউএনওর বাসভবনের সামনের সড়কের একটি উঁচু অংশে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তাঁর মাথার এক পাশে গুরুতর আঘাত লাগে এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিজানের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে মধুপুর উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
নিহত মিজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। এ ছাড়া মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানকে দাফন করা হয়েছে। এই সংবাদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজমুল হোসেন রনি।