উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরী। গত ২৮ অক্টোবর সকাল ১১টায় মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের। জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের বলেন যে কাবদের মটো হলো যথাসাধ্য চেষ্টা করা এবং স্কাউটিংয়ের প্রবক্তা ব্যাডেন পাওয়েলের শিক্ষা জীবনে প্রতিফলিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মাঈনুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাইদুল ইসলাম ও প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটি।
২৮ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই ক্যাম্প পরিচালিত হচ্ছে যেখানে উপজেলার মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করছে। ক্যাম্পের শেষ দিন বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ ক্যাম্প ফায়ারের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের জীবন সুন্দর ও পরিশীলিত করার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।