উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়ায় একটি বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার ৩০ অক্টোবর উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানকালে ৩৬ ড্রাম জেলি, ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা, যা পরে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে এই কারখানায় ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। তাঁর সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বসতবাড়িতে এমন কারখানার সন্ধান ও প্রশাসনের অভিযানের ঘটনায় স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।