উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নকশা করা বিশেষ ভাইরাস এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র্যাডিক্যাল নিউমেরিকসের তৈরি এই ভাইরাসটি যুক্তরাষ্ট্রের এক রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবদেহে এআই-নকশা করা কোনো ভাইরাস প্রয়োগের এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এই যুগান্তকারী অর্জনের কথা জানানো হয়।
গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত রোগীর চিকিৎসায় র্যাডিক্যাল নিউমেরিকসের নিজস্ব এআই মডেল ওমনি-১ ব্যবহার করা হয়েছে। এই এআই মডেলটি ব্যাকটেরিওফাজ নামের একশ্রেণির ভাইরাস নিখুঁতভাবে নকশা করতে পারে, যা মানুষের সুস্থ কোষে আক্রমণ না করে নির্দিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংস করে। প্রচলিত ফাজ থেরাপিতে প্রকৃতি থেকে ভাইরাস খুঁজতে হলেও, এই এআই মডেল বিদ্যমান প্রাকৃতিক ভাইরাসের জিনগত অংশ পুনর্নকশা করেছে। এর ফলে নতুন এই ভাইরাস লক্ষ্যবস্তু ব্যাকটেরিয়ার সুনির্দিষ্ট প্রজাতিকে দ্রুত ও কার্যকরভাবে আক্রমণ করতে পারে।
বিশেষ পরিস্থিতিতে প্রচলিত চিকিৎসায় ফল না পাওয়ায় কম্প্যাশনেট ইউজ কর্মসূচির আওতায় ওই রোগীকে এই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় ব্যবহারের আগে রোগীর ব্যাকটেরিয়ার নমুনায় ভাইরাসটি পরীক্ষা করা হলে তা ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি নির্মূল করতে সফল হয়। তবে রোগীর শারীরিক অবস্থার অগ্রগতি বা সংক্রমণ দূর হওয়া নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তাছাড়া এই চিকিৎসা সংক্রান্ত কোনো গবেষণাপত্র এখনো কোনো বিশেষজ্ঞ-পর্যালোচিত জার্নালে প্রকাশিত হয়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করলেও জৈব-নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছেন বিজ্ঞানীরা। এর আগে গত আগস্টে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউটের গবেষকেরা এআই ব্যবহার করে ল্যাবরেটরিতে ই. কোলাই ব্যাকটেরিয়া ধ্বংসের উপযোগী ভাইরাস নকশা করেছিলেন। ক্ষতিকর ভাইরাস তৈরিতে এ প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণ ও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে সতর্ক করেছেন গবেষকেরা।