উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে এবং পুরো কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।
ইসি স্বচ্ছতায় বিশ্বাসী উল্লেখ করে সিইসি জানান, ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন ও বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেন সিইসি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে এবং দেশে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায়।