উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে রসিকতা করে ভালোই বিপদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের অন্যতম সেরা এ স্ট্রাইকার ফরাসি, ইংরেজি ও চীনা ভাষায় ক্ষমা চেয়েছেন। রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে চীনের জনগণের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
এই রসিকতার জেরে চীনে লা লিগা সম্প্রচার বন্ধ রয়েছে এবং ধাক্কা লেগেছে এমবাপ্পের বিজ্ঞাপনের বাজারেও। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি লা লিগা সম্প্রচার তো বন্ধ রেখেছেই, এমবাপ্পে আছেন এমন যে কোনো খেলা সম্প্রচার বন্ধ।
লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবেস স্পেনে চীনের রাষ্ট্রদূত ইয়াও জিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টা সমাধান করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ১৪০ কোটি মানুষের দেশে সম্প্রচার বন্ধ মানে লা লিগার জন্য একটি বিরাট ধাক্কা, যে কারণে রিয়াল মাদ্রিদের সঙ্গে বিরোধ ভুলে উদ্যোগী হয়েছেন লা লিগা সভাপতি।
ঘটনার সূত্রপাত্র ফ্রান্সের অনুষ্ঠান দ্য ব্রিজ-এ দেওয়া এমবাপ্পের একটি সাক্ষাৎকারে, যেখানে তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলেন। মিমটিতে তাঁর মুখ বসানো হয়েছিল এমন একজনের ছবিতে, যাকে এমবাপ্পে সম্ভবত চীনের কোনো স্বৈরশাসক বলে উল্লেখ করেন এবং তাঁর কথায় পরিষ্কার ইঙ্গিত ছিল মাও সে-তুংয়ের প্রতি।
ক্ষমা চাইলেও এরই মধ্যে তিনটি চীনা কোম্পানি এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিল করেছে এবং সামাজিক মাধ্যমেও এমবাপ্পের জন্য চীনের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চীনের জনপ্রিয় অ্যাপ শিয়াওহংশুতে তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে এবং একই ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়েইবোতেও।
বিশ্বখ্যাত ব্র্যান্ড দিওর ও হুবলো চীনের সামাজিক মাধ্যম থেকে এমবাপ্পের করা তাদের পণ্যের প্রচারণামূলক পোস্টগুলো সরিয়ে নিয়েছে। বেইজিংয়ে অ্যাডিডাসের শোরুমে এমবাপ্পের নাম লেখা জার্সি বিক্রি হচ্ছে না এবং সামনের দিনগুলোতে আরও নানা দিক থেকে ধাক্কার আশঙ্কা করা হচ্ছে।