উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশ নেওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেওয়া হয় বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সকল পরীক্ষার্থীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।