উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও অন্তরের প্রশান্তির মাধ্যম। জিকিরের মাধ্যমে মানুষ মহান আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট রাখার পাশাপাশি তাকওয়া ও উত্তম চরিত্র গঠনের অনুপ্রেরণা লাভ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন ঐতিহাসিক তাহেরপুর ঈদগাহ ময়দানে ২২ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ স্মরণে এই দোয়ার মাহফিল ও দস্তারবন্দী হয়। সোনারগাঁও উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল হক সরকারের সভাপতিত্বে মাহফিলটি পরিচালিত হয়।
পীর ছাহেব কেবলা আরও বলেন, জিকির কেবল মুখে আল্লাহর নাম উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্তরে তাঁর স্মরণ ধারণ করা অত্যন্ত জরুরি। এ শিক্ষা অনুসরণ করে নিয়মিত জিকির, ইবাদত, আত্মশুদ্ধি ও উত্তম আমলের চর্চা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেবসহ অন্যান্য অতিথিরা আলোচনা করেন।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর সোনারগাঁ উপজেলা শাখা ও এলাকাবাসী। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি-কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরি মুনাজাত পরিচালনা করেন।