উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলার বা ৪৭০ কোটি পাউন্ড চুরির ঘটনায় উত্তর কোরিয়া সরকার সমর্থিত একটি হ্যাকার গ্রুপকে দায়ী করা হচ্ছে। দুটি প্রধান ব্লকচেইন অ্যানালিটিকস প্রতিষ্ঠানের গোয়েন্দা তথ্যে এ বড় হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হাত থাকার কথা বলা হয়েছে। টিআরএম ল্যাবস ও চেইনালাইসিস জানাচ্ছে, ল্যাজারাস গ্রুপ বা ট্রেডারট্রেটর নামের উত্তর কোরীয় সাইবার ইউনিট এ হ্যাকিংয়ে জড়িত।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাইবার অপরাধের পেছনে ছিল কুখ্যাত হ্যাকার দল ল্যাজারাস গ্রুপ। আন্তর্জাতিক ব্যাংকগুলোর আন্তলেনদেন নেটওয়ার্ক সুইফটের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির সুযোগ নিয়ে তারা তখন এ অপারেশন চালায়। ২০১৪ সালে সনি পিকচার্সে হামলা চালিয়ে কর্মকর্তাদের হাজার হাজার ই-মেইল ফাঁস করার পেছনেও এ দেশকে দায়ী করা হয়েছিল।
বাইন্যান্সের এ সাম্প্রতিক হামলায় উত্তর কোরিয়ার এজেন্টরা একটি বিশেষ অনুমোদন ব্যবহার করে ইন্টারনেট যুক্ত হট ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে হ্যাকারের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করে। বাইন্যান্সের কো-সিইও রিচার্ড টেং বলেন, আমাদের গভীর তদন্তে অননুমোদিত প্রবেশাধিকারের বিভিন্ন বিষয় জানা গেছে। যদিও চুরি হওয়া সম্পদের প্রায় ৮০ শতাংশ উদ্ধার ও সুরক্ষিত করা গেছে, তবে বাকি অর্থ এখনো পাওয়া যায়নি।