উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইন না মেনে এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করেই বিরোধীদল গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই সনদে কিছু বিষয়ের জন্য সাধারণ আইন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধন জড়িত। সনদ বাস্তবায়ন করতে হলে তো একটি আইনি রূপ লাগলেও তারা সংবিধান সংশোধন ছাড়াই তা চায়। শনিবার দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদা স্মরণে এ সভার আয়োজন করে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্যরা।
রিজভী বলেন, জুলাই সনদে বিএনপি এবং আরও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে এবং এগুলো আলোচনা করে আগে নিষ্পত্তি করতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার পর সংবিধানের নানা সময়ে সংশোধনের উদাহরণ তুলে ধরে তিনি মরহুম শামসুল হুদাকে স্মরণ করেন। তিনি বলেন, শামসুল হুদা ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী এক রাজনীতিক যিনি কখনো কারো সঙ্গে সংঘাতে জড়াননি। বর্তমান রাজনৈতিক অঙ্গনে মিথ্যাচার ও কলঙ্কলেপন বাড়ায় তার মতো অভিভাবকতুল্য নীতি-আদর্শে অটল নেতার অভাব তীব্রভাবে অনুভূত হয় বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, জামায়াতের লংমার্চ করার যৌক্তিকতা জনগণ জানে না এবং তারা নিজেরাও তা বুঝতে পারছেন না। তেল-গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছে এবং সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আনা শুরু করায় সারা দেশে জ্বালানি সহনীয় পর্যায়ে চলে আসছে। সরকার ইতিবাচক রাজনীতি শুরু করায় বিরোধী দলের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের কাছে কিছু দেখানোর জন্যই তারা এই লংমার্চ কর্মসূচি দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।