উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজের ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলেই পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান সংবলিত ছবি ভেসে ওঠে। শনিবার ৩১ অক্টোবর দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন অস্বাভাবিক দৃশ্য দেখতে পান ব্যবহারকারীরা।
এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে এই রাজনৈতিক বার্তা প্রদর্শিত হওয়ায় সাইবার হামলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বর্তমানে ডিএমপি নিউজের সাইটে আর প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে ওয়েবসাইটটি আসলেই হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ডিএমপি নিউজের প্রকাশিত পরিচিতি অনুযায়ী এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল। এই পোর্টালটিতে মূলত ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ এবং জনসচেতনতামূলক নানা তথ্য প্রকাশ করা হয়। পুরো বিষয়টি সম্পর্কে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তাকে ফোন ও মেসেজ করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।