উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডান পায়ের গোড়ালির পুরনো ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। অতিরিক্ত চাপ পড়লেই ব্যথা বৃদ্ধি পাওয়ায় এবং পায়ের নিচে ছড়িয়ে পড়ায় বড় ধরনের চোট এড়াতে তাঁকে কনজারভেটিভ চিকিৎসায় রাখা হয়েছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, মারুফার পায়ে কাস্ট ব্যান্ডেজ করা হয়েছে যা চার সপ্তাহ থাকবে। চিকিৎসকদের ছাড়পত্র পেলে তিনি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে খেলায় ফিরতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা করছে বিসিবি নারী বিভাগ, যেখানে দলটি তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে। মারুফার অনুপস্থিতিতে নির্বাচকরা এখন নতুন বিকল্প পেস বোলার খুঁজছেন।
এদিকে ১২ থেকে ২৬ নভেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ১০ জাতির উইম্যান ইমার্জিং নেশনস ট্রফি-২০২৬ ও দলের সেরা পেসার মারুফাকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নাহিদা আক্তারের দল ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তানের মুখোমুখি হবে।