উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন যে নিয়ত বা অন্তরের সংকল্পের ওপরই ইবাদতের আসল মূল্য ও কবুলিয়ত নির্ভর করে। নিয়ত যদি খাঁটি ও একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তবে তা ইবাদতের প্রকৃত শিক্ষা ও রুহানি উপকারিতা প্রদান করতে পারে না।
বুধবার ২১ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন মিরকুন্ডী দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া কমপ্লেক্স ও ডাঃ ইয়াসির হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসায় ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমণ উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মিরকুন্ডী কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে অত্র গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এই ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন যে যেকোনো নেক আমলের প্রথম ও প্রধান শর্ত হলো ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা এবং রাসুলুল্লাহ সা. স্পষ্ট ঘোষণা করেছেন যে আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। ইবাদতে যদি লোকদেখানো মনোভাব, দুনিয়াবী নাম-ডাকের ইচ্ছা কিংবা অহংকার প্রবেশ করে, তবে বাহ্যিক কষ্ট স্বীকার সত্ত্বেও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।
মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য এবং দেশ ও জাতির সার্বিক শান্তি-কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরি মুনাজাত পরিচালনা করেন। বাদ আসর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান এই মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতৃবৃন্দ ও পীর সাহেবের সফরসঙ্গীগণ আলোচনা করেন।