উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর পরশুরাম পৌর শহরের কলেজ রোড এলাকায় আইনজীবী মোশারফ হোসেনের ভবনে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ভবনের দুটি ফ্ল্যাটে থাকা ঝুমুর ও নিপা নামের দুই বাসিন্দার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী, ঝুমুর সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যান এবং কিছুক্ষণ পর নিপাও বাজারে যান। এই সুযোগে দুর্বৃত্তরা প্রথমে বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে প্রায় আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
কিছুক্ষণ পর ভবনের অপর এক বাসিন্দা মোবাইল ফোনে দরজা খোলা থাকার বিষয়টি জানালে দ্রুত বাসায় ফিরে আসেন ঝুমুর ও নিপা। তারা ঘরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে পরশুরাম থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।