উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে গত শুক্রবার বিকেলে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, শিশুটি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে তাকে গুরুতর আহত করেন। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৬৬ নম্বর এই মামলাটি দায়ের করা হয়। মামলার পর পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া চৌধুরীবাজার এলাকার আব্দুল করিমের ছেলে। রোববার বেলা ১২টার দিকে পুলিশের সোর্স আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহায়তায় তাকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার রাত ১২টার দিকে তিনি ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন। প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন।