উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পুলিশ ও পিবিআই। শুক্রবার দুপুর ১টার দিকে টঙ্গীর হোন্ডা রোড ও হাজী মাজার বস্তি সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করা হয়।
জিজ্ঞাসাবাদে দ্বীপ পিবিআইকে জানিয়েছেন, ঘটনার রাতে তারা ওই স্থানে কথা বলছিলেন এবং কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন আর তিনি পালিয়ে আসেন। উদ্ধার হওয়া নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহার করা গাড়ির মতোই বলে ধারণা করা হচ্ছে।
পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হওয়ায় ধাওয়াকারীরা মাদক কারবারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দ্বীপের বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত না হয়ে মামলার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে ২৮ বছর বয়সী তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনার মূল তদন্ত নৌ পুলিশ করলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত হিসেবে কাজ করছে।