উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। প্রথম তিন ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ শেষ করল তারা। এর ফলে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ফিন অ্যালেনকে হারালেও টিম সেইফার্ট ও ড্যারিল মিচেলের জুটি দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মিচেল ২৯ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। ৩৪ বলে ফিফটি পূর্ণ করা সেইফার্ট শেষ পর্যন্ত ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করে আউট হন। অন্যদিকে ফিলিপস ২৯ বলে ফিফটি করে ৩৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল ভারত। তবে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের আক্রমণাত্মক জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ঈশান ৩২ বলে ৬১ এবং শ্রেয়াস ২৩ বলে ৫০ রান করেন। এছাড়া নামান ধীর ৩৩ ও নীতিশ কুমার রেড্ডি ২২ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান তোলে ভারত।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণভাগে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম মিলনে, যিনি মাত্র ১৯ রান খরচায় শিকার করেন চারটি উইকেট। এছাড়া নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট লাভ করেন।