উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়ে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। ফলাফল নিয়ে যেন কোনো প্রকার প্রশ্ন না ওঠে, সেই লক্ষ্যেই বোর্ড কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এর আগে গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলার পরীক্ষা পরবর্তীতে গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে এখন নির্ধারিত দিনে ফল প্রকাশের প্রক্রিয়া চলছে।