উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
আজ রোববার রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে ফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ফোনটির বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা। ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমনির্ভর ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেসে চলা ফোনটিতে সর্বোচ্চ ৭ প্রজন্মের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদের সুবিধা থাকায় ফোনটি নিরাপদে ব্যবহার করা যায়।
ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে।
১২ মাসের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার অনুষ্ঠানে ফোনটির নানা সুবিধার কথা তুলে ধরেন।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ জানান, ফোনটি কিনলে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে দুই হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এ ছাড়া ৯ মাস ও ১৮ মাসের কিস্তিতেও ফোনটি কেনা যাবে।