উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে প্রত্যাশিত দাম না মেলায় আবুধাবি থেকে আনা প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণের ডিম আবার সেই দেশেই ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দার পৃথক অভিযানে দুই কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে। রোববার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। একই দিন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম আটক করেন কাস্টমস গোয়েন্দারা।
সিআইআইডি এক সংবাদ বিবৃতিতে জানায়, বিমানের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে বিমান থেকে অফলোড করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং পরে ওই যাত্রীর কাছ থেকে এক কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। অন্যদিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় একই ওজনের আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। দুটি ঘটনায় মোট ছয়টি ডিমের ওজন দাঁড়ায় দুই কেজি ৭২৮ গ্রাম এবং আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৯১ লাখ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণের ডিমগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। ওই চক্রের সঙ্গে কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো দেশে আনা হয়েছিল এবং পুনরায় বিদেশে নেওয়ার পরিকল্পনায় কারা যুক্ত ছিলেন তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা। আটক স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সিআইআইডি জানিয়েছে।