উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন এবং তরুণদের ভালো করতে হলে ইতিবাচক মনোভাব লালন করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সামনে এগিয়ে যেতে পরিশ্রম ও নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। স্টামফোর্ড ইউনিভার্সিটি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের পৃথিবীর ২৪তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। গত রোববার রাজধানীর যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই আয়োজনে কলেজটির কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে প্রচুর বই পড়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে মাদকের বিরুদ্ধে না স্লোগান দেন। কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন যে আগামী পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে তাদের ভূমিকা হবে অপরিসীম। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কমল কান্ত দাস বলেন যে বড় কিছু করার জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না, তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করতে হবে।
ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের ফরহাদ হক শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিশক্তি ও মানসিক দৃঢ়তা বাড়ানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উদ্যমী থাকার পরামর্শ দেন। টেন মিনিটস স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর ফারহান সাকিব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিন্তা ও কাজে সৃজনশীলতা বাড়ানোর পরামর্শ দেন। এর আগে সকালে ডেমরার সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিন দিনের প্রথমা বইমেলা উদ্বোধন করেন আনিসুল হক। আগামী মঙ্গলবার পর্যন্ত চলা এই মেলায় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গল্প ও কবিতার বই পড়ার পরামর্শ দেন।