উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভানের অভিষেকের অপেক্ষা ফুরোচ্ছে না। চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এই তরুণ স্ট্রাইকারের। শনিবার ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে তার রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চোট পাওয়ায় সফর বাতিল হয়েছে। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রোনান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পান তিনি। তবে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে তার।
নভেম্বরের শুরুতে তার বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে থাকার অনুমতি পেয়ে বাফুফেকে সম্মতি জানান রোনান। তাকে আনতে ১ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার ফ্লাইটও বুক করেছিল ফেডারেশন। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে আসা হচ্ছে না তার।
রোনানকে নিয়ে পরিকল্পনা থাকলেও স্বীকৃত স্ট্রাইকারের সংকটে থাকা বাংলাদেশের জন্য এটি বড় ধাক্কা। সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো দল ঘোষণা করেনি স্বাগতিক বাংলাদেশ। এদিকে জাতীয় দলের প্রস্তুতিও পুরোপুরি স্বস্তিতে নেই।
ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন এবং জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। এক দিনের বিরতির পর গতকাল সকালে আবার অনুশীলনে ফিরেছে দল। আগামী ৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও সেই ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাবে না।
আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের খেলার কথা রয়েছে। অন্যদিকে ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।