উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনে নির্বাচকেরা এই স্কোয়াড ঘোষণা করেছেন।
কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি।
সিলেটে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে বহাল থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। সিলি পয়েন্টে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় তার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন জাকের আলী অনিক।
আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পাওয়ার পর ন্যূনতম সাত দিন মাঠের বাইরে থাকতে হয়। ফলে দ্বিতীয় টেস্টে মুমিনুলের খেলা হচ্ছে না এবং তার স্থলাভিষিক্ত হলেন অমিত হাসান।
দ্বিতীয় টেস্টের ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।